Sunday, November 15, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা: বিজিএমইএ সভাপতি

সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা: বিজিএমইএ সভাপতি

পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও কারখানায় অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও নতুন মজুরি কাঠামোর বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে এ প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ ভবনে কারখানার মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। শ্রমিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর লিখিত প্রস্তাব দেবে।

মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত তিন সপ্তাহ ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন চলছে। নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সব কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়নি। কোথাও কারখানা বন্ধ রয়েছে, আবার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় উৎপাদন চলছে।

এ অবস্থায় মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে শনিবার বিজিএমইএ ভবনে জরুরি বৈঠকে বসেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। বৈঠকে নিরাপত্তাহীনতা ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, কারখানার ভেতরে সৃষ্ট ভীতিকর পরিবেশের কারণে অনেক সাধারণ শ্রমিক হাজিরা দিয়েও কাজে না থেকে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান শ্রম অসন্তোষের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এছাড়া চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি আরও ৯২টি কারখানা।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলো স্বাভাবিকভাবে চালু রাখতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।

পূর্ববর্তী নিবন্ধসবজির মতো হাত বদল হতে হতে এলপিজির দাম বেড়ে যায়: জ্বালানিমন্ত্রী