Monday, November 16, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ রয়েছে। এছাড়া উৎপাদন চালিয়ে যেতে না পারায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।

এদিকে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন তাদের কেউ কেউ আবার কারখানা চালুর কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও একই ধরনের আশ্বাস দিয়েছেন।

মজুরি প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ জানাতে তিনি রাজি হননি।

এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো সম্ভব না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ধারায় কারখানা বন্ধ করতে হতে পারে।

কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এসব বিক্ষোভের মধ্যে প্রায়ই সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধসহ বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে তাদের কেউ কেউ পরে কাজে ফিরেছেন।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে জড়ো হন।

বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসবজির মতো হাত বদল হতে হতে এলপিজির দাম বেড়ে যায়: জ্বালানিমন্ত্রী
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পদক্ষেপ জানালেন বাণিজ্যমন্ত্রী