
চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর হ্রাসসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সরকারের এসব পদক্ষেপের কথা তুলে ধরেন।
লিখিত জবাবে মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।
পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর হ্রাসের পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী জানান, নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।
পাশাপাশি টিসিবির ডিলারশিপ কার্যক্রমের আওতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।
বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।


